
জেলা প্রতিনিধি, নড়াইলঃ “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এ প্রতিপাদ্য নিয়ে (১১ জুলাই) খুলনায় উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। এ উপলক্ষে খুলনা বিভাগীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ‘শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ’ হিসেবে সম্মাননা স্মারক পেয়েছে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন।
সকালে খুলনার (বয়রা) পরিবার পরিকল্পনা ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন ভদ্রবিলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা বাবুল বিশ্বাস।
উল্লেখ্য, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সৌজন্যে প্রতি বছরই এ ধরনের সম্মাননা প্রদান করা হয়, যা মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও উৎসাহিত করে।
Reporter Name 








