
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্র করছে। মানুষ যখন কোনভাবেই বিএনপি’র ডাকে সাড়া দিচ্ছে না, তখন তারা নানা ধরনের হুংকার দিচ্ছে। এ ধরনের হুংকার, সন্ত্রাসী কার্যকলাপ মানুষ পছন্দ করে না। জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছরে উন্নয়ন আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে দেশকে বদলে দিয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ ও রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট।
পরে রায়পুর উপজেলা আর্ট স্কুল উদ্বোধন ও শ্রী শ্রী রাধা মদন জিউর মন্দিরে দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়সহ উপহার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Reporter Name 













