
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর বদলগাছী উপজেলার সেন পাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ, প্রকল্পটিতে যাতায়াতের কোনো নির্দিষ্ট বা পাকা রাস্তা নেই। এতে করে শিশু, বৃদ্ধ, নারীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে।
বসবাসকারীরা জানান, “প্রতিদিন কষ্ট করে চলাফেরা করতে হয়। বর্ষা মৌসুমে তো কাদা-পানিতে হাঁটাও সম্ভব হয় না। একটুখানি বৃষ্টিতেই পাড়ার চারপাশে কাঁদায় পরিণত হয়, তখন চলাফেরা করাই দুর্বিষহ হয়ে উঠে।
বিশেষ করে ভ্যানচালক বা পণ্যবাহী গাড়িচালকদের সমস্যা আরও বেশি। এ প্রসঙ্গে আশ্রয়ন প্রকল্পের একজন বাসিন্দা ও ভ্যানচালক জানান, “রাস্তা না থাকায় আমরা গাড়ি বাড়িতে রাখতে পারি না। দূরে অন্যত্র রাখতে হয়। এতে আমাদের অতিরিক্ত খরচ হয়, আবার সময়ও নষ্ট হয়। অনেক সময় জরুরি প্রয়োজনে গাড়ি এনে পৌঁছাতে পারি না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আশ্রয়ন প্রকল্পটি স্থাপনের সময় যোগাযোগ ব্যবস্থার কথা ভাবা হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই তারা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন।
বাসিন্দারা দ্রুত একটি কাঁচা রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলেন, “আমরা সরকারি আশ্রয়ে থাকি, কিন্তু রাস্তা না থাকায় মনে হয় যেন বিচ্ছিন্ন কোনো দ্বীপে বাস করছি। দ্রুত রাস্তা করে দিলে আমাদের কষ্ট অনেকটাই কমে যাবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় নাগরিক সমাজ ও সচেতন মহল। তারা বলেন, “সরকারের আশ্রয়ন প্রকল্প একটি মহৎ উদ্যোগ, কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকলে সেই উদ্যোগ অর্থহীন হয়ে পড়ে।
Reporter Name 








