
মোঃ শামীম হোসেন, খুলনা : খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনী এ অভিযান চালিয়েছে।
মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় সোমবার সদর থানার এসআই রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার ভোররাতে পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, ১৩ রাউন্ড রাইফেলের গুলি, চারটি রাইফেলের গুলির খোসা, একটি রিভলভার, ২০ রাউন্ড রিভলভারের গুলি, রাইফেলের গুলির চার্জার দুটি, পিস্তলের কাভার একটি, রাইফেলের কাভার একটি এবং ভারতীয় ২৫০ রুপি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
Reporter Name 








