
রতন রায় অর্ঘ্য : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ এবং জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনঃ জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, বিশেষ অথিতিঃ এ বি এম আরিফুল হক,সহকারী কমিশনার ভুমি, সভাপতিঃ কাবেরী রায়, উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন।
জাতীয় পরিসংখ্যান দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সঠিক পরিসংখ্যান থাকলে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা যায়। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও সঠিক পরিসংখ্যান অপরিহার্য।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনার কাজ সম্পন্ন করেছে ও অল্প সময়ের মধ্যে শুমারির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। তথ্য ও প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমে পরিসংখ্যান ব্যুরো তার কাজের দক্ষতা বৃদ্ধি করেছে।
আবার স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ছাড়া জাতি সামনে এগুতে পারবে না। স্থানীয় সরকার দপ্তরের মাধ্যমে সঠিকভাবে সকল শিশুর জন্মনিবন্ধন হলে জনসংখ্যার হিসাব সহজে পাওয়া যাবে। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের আর্থসামাজিক ক্ষেত্রে বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনা করে।
এর মাধ্যমে দেশে মূল্যস্ফীতি, মজুরি সূচক, বাড়িভাড়া সূচক, নির্মাণসামগ্রী সূচক নির্ধারণ করা হয়। আবার জলবায়ু ও পরিবেশ, দারিদ্র্য ও কর্মসংস্থান এবং স্বাস্থ্য পরিসংখ্যান প্রণয়ন করা হয়। একই সাথে এসডিজির ২৩১টি সূচকের মধ্যে ১১১টি সূচকের তথ্য বিবিএস এককভাবে সরবরাহ করে।
বিবিএস এর দেয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশের জিডিপির আকার ছিলো ৪৪৯ বিলিয়ন মার্কিন ডলার যা ১৯৭১ সালে ছিলো ৮ মিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ২৭৬৫ মার্কিন ডলার যা ১৯৭১ সালে ছিলো ৯৩ মার্কিন ডলার। ২০২৩ সালে দেশের মানুষের গড় আয়ু ৭২.৩ বছরে উন্নীত হয়েছে এবং দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে।
স্বাগত বক্তৃতা করেন উপজেলার পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা মোঃ এ.টি.এম. রিয়াসাদ ।
Reporter Name 








