
মোঃ শামীম হোসেন : খুলনায় প্রতিটি পাড়া মহল্লা ও গ্রামের রাস্তার পাশে সজিনা গাছে ফুলে ফুলে নুয়ে পড়েছে গাছের ডাল। এলাকাবাসী জানায় শাকের বিকল্প হিসেবে সজিনা শাক খাওয়া হয়। মুরগির মাংস রান্নায় কচি সজিনা পাতা সুস্বাদু লাগে। কালিজিরা, কাচামরিচ, রসুনের সাথে সজিনা পাতার ভর্তা একটি মজাদার খাবার। ছোট মাছের সাথে সজিনা পাতার চর্চড়ি খুবই মজাদার।
সজিনা পাতার বড়া, সালাদ, পাতা বাটা ও সজিনা পাতার পাউডার দ্বারা খাদ্য সুস্বাদু ও শক্তি বর্ধক হয়। যে কোনো স্যুপের সাথে শুকনা সজিনা পাতার পাউডার মিশালে খাদ্যমান বেড়ে যায়। চা বা কফি তৈরিতে সজিনা পাতার পাউডার ব্যবহার করা যায়। এ ছাড়াও সজিনার অনেক রেসিপি রয়েছে।
এদিকে প্রতিবছরের ন্যায় চলতি মৌসুমেই খুলনাসহ উপকলীয় সুন্দরবন সংলগ্ন এলাকায় সজিনার বাম্পার ফলনের আশা করছেন সজিনা চাষীরা। বর্তমানে ক্ষেতের আইল, বাড়ির আঙ্গিনা, লীজ ঘেরের বাঁধ কিংবা রাস্তার পাশে লাগানো প্রতিটি সজিনা গাছ ফুলে ফুলে ভরে গেছে। মৌ-মাছিরা সজিনার ফুল থেকে মধু আহরণে ব্যস্ত সময় পার করছে।
বাজুয়া ইউনিয়ন চাঁদপাড়া গ্রামের স্বপন মন্ডল বলেন, আবহাওয়া গত কারণে কোন সমস্যা না হলে আশা করছি এ বছর সজিনার বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস বলেন, সজিনা একটি পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি। লবণ সহিষ্ণু হওয়ায় উপকূলীয় এলাকায় সজিনার ভালো ফলন হয়।
Reporter Name 








