
আবু রায়হান রিপন, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক। গাইবান্ধার সাদুল্লাপুরে রাশেদা বেগম (৪৪) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে পালিয়েছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা আজগর আলী।
জানা যায়, রাশেদা বেগম সাদুল্লাপুর উপজেলার মধ্য ভাঙ্গামোড় গ্রামের সাইফুল ইসলাম প্রামানিকের স্ত্রী।
মামলার এজাহারে বলা হয়, প্রায় ২৫ বৎসর পূর্বে সাইফুল ইসলাম প্রামানিক সাথে বিয়ে হয় রাশেদা বেগমের। তাদের দাম্পত্য জীবনে একটি মেয়ে সন্তান রয়েছে। কিছুদিন ধরে সাইফুল পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী রাশেদাকে মানুষিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন।
শনিবার সকাল ১০টার দিকে সাইফুল ইসলাম তার স্ত্রী রাশেদাকে পারিবারিক বিষয় নিয়ে মারপিট করে। এক পর্যায়ে তার মাথার বাম পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, হত্যার এ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেন সাইফুল। পরে রাশেদার মরদেহ গোয়াল ঘরের পাড়ের সাথে রশি দিয়ে বেঁধে ফাঁসিতে ঝুলিয়ে রাখেন সাইফুল ও তার পরিবারের লোকজন। পরে অবস্থা বেগতিক দেখে সাইফুলসহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজ দেওয়ান জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
Reporter Name 







