তালহা চৌধুরী রুদ্র,নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাঙ্গুনয়ার দুর্গম পাহাড়ি এলাকা ছিড়াটিলা গ্রাম। পাহাড়ে জনমানব কম থাকার সুযোগকে কাজে লাগিয়ে সেখানে গড়ে তুলেছেন মাদকের আস্তানা। নিরাপত্তার কাজে ব্যবহৃত হতো ৩টি সিসি ক্যামেরা এবং বিভিন্ন ডিভাইস। এছাড়া সংগ্রহে ছিলো বিভিন্ন দেশীয় অস্ত্র। দীর্ঘদিন যাবৎ শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মো.আজিজুল হক শামীম প্রকাশ এ্যালেন শামীমের নেতৃত্বে ছিড়াটিলা পাহাড়ে অবৈধভাবে মাদক ক্রয়-বিক্রয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অবশেষে সাঙ্গপাঙ্গসহ তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ছিড়াটিলা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবা ও ফেনসিডিলসহ আজিজুল হক শামীম প্রকাশ এ্যালেন শামীমের তিনজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৫ নভেম্বর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন-লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ইউসুফপুর এলাকার নুর হোসেন মুন্সির ছেলে মো. শাকিল হোসেন (২৭), রাঙ্গুনিয়া থানার কোদালা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো.ফারুক (২২) ও রাউজান থানার ইউসুফ আলী চৌকিদার বাড়ির মো. মফিজের ছেলে মো. আরিফ (২২)।
র্যাব জানায়, পারুয়া এলাকার দুর্গম পাহাড়ের ছিড়াটিলা গ্রামে মো.আজিজুল হক শামীম প্রকাশ এ্যালেন শামীমের আস্তানায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য মাদক মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাহাড়ের ছোট দোচালা টিনের ঘরে বিশেষ কায়দায় রক্ষিত স্টিলের ২টি ট্রাংকের ভিতর থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, এসএস পাইপ ও সাইকেলের প্যাডেলের চাকতি দিয়ে বিশেষভাবে তৈরিকৃত ৪টি দেশিয় অস্ত্র, ৪৪ বোতল ফেনসিডিল, ১৮০ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও মাদক আস্তানার নিরাপত্তার কাজে ব্যবহৃত ৩টি সিসি ক্যামেরা এবং বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com