
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁয় প্রাণ কোম্পানির এক বিক্রয় কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় ওই কর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওই বিক্রয় কর্মীর নাম মামুনুর রশিদ ওরফে মামুন (৪২)। তিনি নওগাঁ সদর উপজেলার মাতাসাগর ফতেপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। মামুনুর রশিদ নওগাঁ জেলায় প্রাণ কোম্পানির ডেলিভারি সেলস রিপ্রেজেনটেটিভ (ডিএসআর) পদে চাকরি করতেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসান বলেন, ছুরিকাঘাতে আহত ওই রোগীকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তার শরীরের দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করে চার্জার ভ্যানে করে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন।
পথে দুই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার পথ রোধ করে। দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় মামুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com