
নিউজ ডেস্ক:সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ঢল নেমেছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টা থেকে এই মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও একদিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করে নেতা-কর্মীরা।
শনিবার সকালে দেখা যায়, মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে দেশের বিভিন্ন জেলা থেকে এসে রাজধানীতে অবস্থান করা নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। দলীয় ও জাতীয় পতাকা নিয়ে তাদের মিছিল, স্লোগানে মুখরিত নয়াপল্টন এলাকা।
এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এর বাইরে কাকরাইল, সেগুনবাগিচায়ও মিছিল করছে নেতা-কর্মীরা।
মহাসমাবেশ ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত মানুষের ভিড়ের কারণে ফকিরাপুল নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
রাতেই ট্রাক দিয়ে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সারাদেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা রাতেই নয়াপল্টনে অবস্থান নেন। ভোর থেকে নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল নামে।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com